মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে লোকসমাগম।
দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নানা উদ্যোগ। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর উপস্থিতি ছিল দিনজুড়ে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, জেলা ও মহানগর বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, সিলেট চেম্বার অব কমার্স, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, র্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী।
Fans
Fans