সিলেটের আরেক সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে ঠেলে পাঠালো বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

এবার মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে লোকজনকে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। দুই দিনে শতাধিক অনুপ্রবেশকারিকে আটক করে বিজিবির কাছে তুলে দিয়েছেন সীমান্তের স্থানীয় বাসিন্দারা।


বড়লেখার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বেশি অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করলেও সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে।


উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার লোকজন জানান, বুধবার ভোর পাঁচটার দিকে নিউ পাল্লাথল বিজিবি ক্যাম্পের আওতাধীন এলাকার সীমান্ত দিয়ে ৩২ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে বিএসএফ। অপরিচিতি ও সন্দেহজনক চলাফেরার কারণে পাল্লাথল চা বাগানের শ্রমিকরা তাদের আটক করে বিজিবির কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার সকালে বোবারথল সীমান্ত দিয়ে বিএসএফ আরো ২৩ জনকে পুশইন করেছে জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান এই লোকজনকেও আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন। 


সীমান্তবাসীরা জানান, গত দু’দিনে শতাধিক লোক এই সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছে। 


অনুপ্রবেশকারিরা জানিয়েছে, ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের ধরে এনে জোর করে বর্ডার পার করে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। তারা বাংলাদেশের নাগরিক হলেও অনেক বছর ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন। সীমান্তের ওপারে তাদের মতো আরো অনেককে পুশইন করার জন্য বিএসএফ ধরে রেখেছে।


স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে গেছে, বুধবার (৭ মে) ভোরে নিউ পাল্লা বিজিবি ক্যাম্প এলাকা দিয়ে বিএসএফের পুশইন করা ৩২ জনের অনেকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজার থেকে অ্যাম্বুলেন্সে করে বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ সিএনজি যোগে অন্যত্র চলে গেছেন। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠেছে, বিএসএফ যাদের অবৈধভাবে বাংলাদেশে পুশইন করলো তারা প্রকৃতপক্ষে কারা। কোনো অসৎ উদ্দেশ্যে কি বিএসএফ তাদেরকে ঢুকিয়ে দিয়েছে।


এর আগে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে বিজিবি আটক করেছে বলে জানিয়েছেন স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল। 


তিনি বলেন, ‘বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জন লোককে আটক করে। এর মধ্যে নয় জন পুরুষ, তিন জন নারী ও তিন জন শিশু রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্রগ্রামসহ বিভিন্ন জেলায়।



বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বেশকিছু মানুষকে আটক করা হয়েছে। সীমান্তে বিজিবির নজরদারি আরো জোরদার করা হয়েছে। অনুপ্রবেশকারীদের ঠিকানা নিশ্চিত করণের কাজ চলছে। পরিচয় যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Follow Us