মৌলভীবাজারের কুলাউড়ায় চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে বেঁধে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ মে) রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালং গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহত যুবকের নাম আলমগীর মিয়া (২৫)। তিনি কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে রসুলপুর গ্রামের আলতা মিয়ার ছেলে এবং বুদ্ধি প্রতিবন্ধী। তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আলমগীরের পরিবার সূত্রে জানা যায়, গত ১২ মে আলমগীর মিয়া তার বাড়ির পাশ্ববর্তী স্থানীয় নয়া বাজার থেকে ভূল পথে হারিয়ে যায়। রাতে তাকে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে চোর সন্দেহ আটক করে স্থানীয় ইউপি সদস্য কয়ছর রশীদ এর উপস্থিতিতে কয়েকজন মিলে বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে বেধড়ক মারধর করে আহত করে। পরে তাকে আহত অবস্থায় সিএনজি অটোরিকশা করে তার বাড়ির পাশে রেখে যাওয়া হয়।
আলমগীরের চাচাতো ভাই আবু রায়হান বলেন, আমার ভাই মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী। মঙ্গলবার ভোরে আহত অবস্থায় সে বাড়িতে এসেছে। পরবর্তীতে আমরা জেনেছি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ইউপি সদস্য কয়ছর রশীদ এর উপস্থিতিতে এলাকার কয়েকজন লোক মিলে মারধর করেছে। এ ঘটনায় আমরা কুলাউড়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
টিলাগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য কয়ছর রশীদ বলেন, আমি আসার আগে লোকজন চোর সন্দেহ হয়তো পিটিয়েছে। আমার এলাকায় কিছু দিন আগে ২টি ডাকাতির ঘটনা ঘটেছে। এজন্য এলাকাবাসী চোর সন্দেহ করেছে। এছাড়া এই এলাকায় একসাথে দুটি বিয়ের অনুষ্ঠান ছিলো। পরে প্রতিবন্ধী বুঝতে পেরে বাড়িতে পাঠিয়েছি।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কনক কান্তি সিনহা বলেন, প্রতিবন্ধী আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Fans
Fans