ছিনতাইয়ের নাটক সাজিয়ে পুলিশের খাঁচায় বিকাশের সেলস অফিসার

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

বিকাশের ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) খলিলুর রহমান আক্তারের আর্থিক সংকটে টাকার প্রয়োজন। টাকার চাহিদা পূরণে তারই সহকর্মী সাইদুল ইসলামের সাথে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা। 


এই ঘটনায় ছিনতাই নাটকের দুই পরিকল্পনাকারীকে ২ লক্ষ ২১ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। 


শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন-ভোজপুর সড়কের তিতপুর এলাকার বিলাসেরপাড় ব্রীজের উপর গত ৪ জুন সন্ধ্যা ৬টার দিকে ছিনতাইয়ের একটি ঘটনা সংঘটিত হয়েছে বলে সংবাদ পাই।


বিকাশ ডিএসও খলিলুর রহমান আক্তার অভিযোগ করেন, স্থানীয় আইয়ুব মার্কেট পরিদর্শন শেষে তার মোটরসাইকেলযোগে ভোজপুর বাজারের পথে রওনা হন। তিতপুর এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তি তার মোটরসাইকেলের গতি রোধ করে তাকে ছুরিকাঘাত করে ব্যাগে থাকা প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। 


প্রাথমিক তদন্তে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ঘটনার গভীর তদন্ত শুরু করা হয়। তদন্তে বের হয়ে আসে, প্রকৃতপক্ষে ঘটনার পেছনে ছিল পূর্বপরিকল্পিত নাটক। 


বিকাশ ডিএসও খলিলুর রহমান আক্তার আর্থিক সংকটে পড়ে সহকর্মী সাইদুল ইসলামের (৩৫) সাথে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা গ্রহণ করে। 


পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে খলিলুর নিজেই মোটরসাইকেল থামান এবং সাইদুল ইসলাম তার হাতে-পায়ে আঘাত করে দুই লক্ষ একুশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। 


পরবর্তীতে পুলিশ খলিলুর রহমান আক্তারকে তার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা উদঘাটন করে। তার তথ্যমতে সাইদুল ইসলামকেও গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে আত্মসাৎকৃত টাকা উদ্ধার করা হয়েছে।

Follow Us